Bangla   English   রেজিস্টার লগইন
 

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা


 



বিস্তারিত সংবাদ
তারিখ : এপ্রিল ২৩, ২০২৬  |  বৃহঃস্পতিবার

প্রতিষ্ঠান : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তত্ত্বাবধানে সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, পুঁজিবাজারে ঝুঁকি কমাতে এবং সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান বিষয়ক সৃজনশীল শর্ট ভিডিও (১-২ মিনিট) প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬

বিএসইসি’র উদ্যোগে আয়োজিত সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, পুঁজিবাজারে ঝুঁকি কমাতে এবং সচেতনতা বাড়াতে ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১২ এপ্রিল ২০২৬, রবিবার রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি’র মাল্টিপারপাস হলে (৩য় তলায়) অনুষ্ঠিত হয়। বিএসইসি’র চেয়ারম্যান, কমিশনারবৃন্দ, ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’এর জুরিবোর্ড সদস্যবৃন্দ, প্রাথমিক নির্বাচক কমিটির সদস্যবৃন্দ, কমিশনের নির্বাহী পরিচালকবৃন্দ ও পরিচালকবৃন্দ, পুরষ্কারপ্রাপ্ত দল সমূহের শিক্ষার্থীবৃন্দ সহ আরো অনেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ এবং স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার জনাব ফারজানা লালারুখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’এর জুরিবোর্ড এর সদস্য দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর জনাব সুলতান মাহমুদ বিন জুলফিকার ও ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর জনাব খায়রুল বাশার। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের ভিডিওসমূহও প্রদর্শন করা হয়। আলোচ্য প্রতিযোগিতায় সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE), সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (CDBL), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (BASM), এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (BICM)। অনুষ্ঠানে ‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’, ‘পুঁজিবাজারে ঝুঁকি’ ও ‘পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান’-এই তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে মোট ৯ টি পুরস্কার প্রদান করা হয়। একইসাথে ১০টি উৎসাহ পুরস্কার দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারবৃন্দ পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৬০ হাজার, ৪৫ হাজার ও ৩০ হাজার টাকার অর্থপুরস্কার দেওয়া হয় এবং উৎসাহ পুরস্কার প্রাপ্তদের ১৫ হাজার টাকার অর্থপুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্ত টিমগুলো হল: ‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’ ক্যাটাগরিতে- প্রথম পুরস্কার: New Bangladesh(Hamdard University Bangladesh), দ্বিতীয় পুরস্কার: Looser(University of Rajshahi), তৃতীয় পুরস্কার: GM Studios(BRAC University)। ‘পুঁজিবাজারে ঝুঁকি’ ক্যাটাগরিতে- প্রথম পুরস্কার: Shwapno(IBA, University of Dhaka), দ্বিতীয় পুরস্কার: CINE ART(Jahangirnagar University), তৃতীয় পুরস্কার: DU Finance(University of Dhaka)। পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান’ ক্যাটাগরিতে- প্রথম পুরস্কার: The Blind Men(Hajee Mohammad Danesh Science and Technology University), দ্বিতীয় পুরস্কার: Akatsuki(Brac University), তৃতীয় পুরস্কার: Information Scorpion(Bangladesh University of Professionals)। এছাড়া উৎসাহ পুরস্কার প্রাপ্ত টিমগুলো হল: ১)Progoti, ২)Stock Sensei, ৩)AR Studio, ৪)Team AdorBador, ৫)FinFlicks, ৬)Team Arthosutra, ৭)Team Crisis, ৮)Team Elomelo, ৯)Team FinLit, ১০)Team Mughdo। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কমিশনার ফারজানা লালারুখ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি অন্যান্যের মধ্যে বলেন, “একটি সুস্থ, স্থিতিশীল ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলার জন্য বিনিয়োগকারীদের যথাযথ জ্ঞান ও সচেতনতার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে বিএসইসি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বিএসইসি আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’-এর আয়োজন করেছে এবং দেশে প্রথমবারের মতো এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হল যা নিঃসন্দেহে একটি মাইলফলক”। তিনি আরো উল্লেখ করেন যে, শর্ট ভিডিও প্রতিযোগিতাটি দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এই প্রতিযোগিতায় সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজ থেকেও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় ৪২৫টি দল নিবন্ধন করে এবং ৯০টি দল ৩টি ক্যাটাগরিতে মোট ৯০টি ভিডিও জমা দেয়। সেরাদেরই বিজয়ী নির্বাচন করা হয়েছে এবং এক্ষেত্রে মূল্যায়ন প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্ম শুধু সৃজনশীলতাই দেখায়নি, বরং বিনিয়োগ শিক্ষা ও সচেতনতার বার্তা সারাদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতে আবারও এধরণের আয়োজন করবো আশা রাখছি।” সভাপতির বক্তব্যে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ অন্যান্যের মধ্যে বলেন, “যদি তরুণ প্রজন্মকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেওয়া যায়, তাহলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে এবং একটি সুস্থ পুঁজিবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজেদের সৃজনশীলতা প্রকাশ করেনি, বরং তারা বিনিয়োগ শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তাগুলো সমাজের মাঝে ছড়িয়ে দিয়েছে। তাদের তৈরি ভিডিওগুলো ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে ব্যবহারের মাধ্যমে আমরা সাধারণ বিনিয়োগকারীদের মাঝেও সচেতনতা বৃদ্ধি করতে পারবো। আজকের এই অংশগ্রহণকারীরাই আগামী দিনের সচেতন ও শিক্ষিত বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে। একই সাথে, তাদের মাধ্যমে এই জ্ঞান ও সচেতনতা পরিবার, সমাজ এবং জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়বে। এই প্রতিযোগিতাকে আমি শুধুমাত্র একটি ইভেন্ট হিসেবে দেখি না। আমি এটিকে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে দেখি। আমরা চাই, এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকুক এবং দেশের প্রতিটি স্তরের মানুষের কাছে বিনিয়োগ শিক্ষা পৌঁছে যাক। আসুন, আমরা সবাই মিলে একটি সচেতন, জ্ঞানভিত্তিক এবং সমৃদ্ধ পুঁজিবাজার গড়ে তুলি—যা আমাদের জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।” তিনি আরো বলেন, প্রতিযোগিতার ভিডিওসমূহ সারাদেশ ব্যাপী ছড়িয়ে দেওয়া হবে এবং বিনিয়োগ শিক্ষার প্রসারে জেলা-উপজেলা পর্যায়ে মাঠ প্রশাসনকেও এক্ষেত্রে যুক্ত করা হয়েছে। তিনি সকল পুরস্কার বিজয়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’এর জুরিবোর্ড এর সদস্য দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বিন জুলফিকার অন্যান্যের মধ্যে বলেন, “আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করার জন্য বিএসইসিকে সাধুবাদ জানাই। পুঁজিবাজারের অঙ্গপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে এবং দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিযোগিতার ভিডিও ক্লিপসমূহ প্রচারের অনুরোধ জানাচ্ছি। বর্তমান সরকার প্রধান থেকে অর্থমন্ত্রী সকলেই পুঁজিবাজারকে প্রাণবন্ত করার কথা বলছেন। আশা করি বিএসইসি তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে।” অনুষ্ঠানে ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’এর জুরিবোর্ড এর সদস্য ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার অন্যান্যের মধ্যে বলেন, “তারুণ্যের শক্তিই বাংলাদেশের মূল শক্তি। নতুন প্রজন্ম ভিন্ন ভাবে চিন্তা করে। ভিডিওগুলোতে তারা সৃষ্টিশীল কাজ করেছে এবং চমৎকার স্টোরি টেলিং হয়েছে। তাদের উদ্যম ও ধারাবাহিকতা দেশের জন্য গুরুত্বপূর্ণ। পলিসি মেকার ও তরুন প্রজন্মের সংযোগ জরুরী। তিনি প্রতিযোগিদের মাঝের বৈচিত্রের প্রশংসা করেন।”